বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় দুই মাদক কারবারিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য অপরাধে মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুন হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) মো. সাইখ বিন আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ সেন্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সেন্দ্রা পেট্রোল পাম্পের পেছনের গাজী বাড়ি এলাকার বাসিন্দা মো. বাদশা প্রকাশ রাজু (৩৫)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই দিন হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) নূর মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের মালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. নাছির হোসেন (৩৯)-কে গ্রেফতার করেন। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
এদিকে, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ জন সিআর ওয়ারেন্টভুক্ত, ২ জন জিআর ওয়ারেন্টভুক্ত আসামি, পুলিশ আইন ৩৪ ধারার ১ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামিকে মঙ্গলবার (২৩ জুন) যথাযথ পুলিশ এস্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।