বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাজীগঞ্জ খাদ্য গুদামে সরকারি ধান মজুদ কার্যক্রমে বাধা প্রদান, নিরাপত্তা প্রহরীকে হেনস্তা ও কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হাজীগঞ্জ খাদ্য গুদামের কর্মকর্তা মোঃ মনির হোসেন।
বুধবার (১৭ জুন ) হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর করা সাধারণ ডায়েরিতে তিনি অভিযোগ করেন, গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে হাজীগঞ্জ খাদ্য গুদামে যোগদানের পর থেকে অভিযুক্তরা বিভিন্নভাবে তাকে হয়রানি, হুমকি ও সরকারি কাজে বাধা দিয়ে আসছেন।

জিডিতে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে— হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকার মোঃ সবুজ (৩৮), ফাজিরগাঁও এলাকার দিদারুল আলম (৪০) সহ অজ্ঞাতনামা কয়েকজনকে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা এর আগেও খাদ্য গুদামের কার্যক্রমে বাধা সৃষ্টি করেছেন এবং পূর্বের কর্মকর্তার সঙ্গে অসদাচরণ ও অফিস কক্ষের ক্ষতিসাধন করেছেন। তাদের ভয়ে গুদামের শ্রমিকরাও আতঙ্কের মধ্যে কাজ করছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
মোঃ মনির হোসেন অভিযোগ করেন, সম্প্রতি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে সরকারি মজুদ কার্যক্রম চলাকালে অভিযুক্তরা গুদামের কাজে বাধা প্রদান করেন। ঘটনার দিন (১৬ জুন ) সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা হাজীগঞ্জ খাদ্য গুদামের গেইটে এসে নিরাপত্তা প্রহরী কামাল হোসেনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
জিডিতে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে অভিযুক্তরা নিরাপত্তা প্রহরীকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং গুদামের মূল গেইট খুলে অনুমতি ছাড়া গাড়ি প্রবেশ করিয়ে ধান মজুদ করার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে অভিযুক্তরা প্রাণনাশের ভয়ভীতি দেখান বলেও অভিযোগ করেন ওই কর্মকর্তা।
খাদ্য গুদামের কর্মকর্তা মোঃ মনির হোসেন বলেন, “সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি ও নিরাপত্তাহীনতার কারণে বিষয়টি থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা কামনা করছি।”
এ বিষয়ে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।