বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাড্ডা গ্রামের কৃতি সন্তান ড. মোহাম্মদ তানভীর কায়সার বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান (বিভাগীয় প্রধান) ও সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল মালেক স্যারের সন্তান। শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের মাধ্যমে তিনি ইতোমধ্যে দেশের উচ্চশিক্ষা অঙ্গনে একটি সুপরিচিত নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
ড. তানভীর কায়সার এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর দক্ষ নেতৃত্ব, একাডেমিক যোগ্যতা ও প্রশাসনিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ব্যক্তিগত জীবনে তাঁর সহধর্মিণী ইসরাত জাহান কনক জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
হাজীগঞ্জের এই কৃতি সন্তানের সাফল্যে এলাকাবাসী গর্বিত। তাঁর অর্জন নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা ও গবেষণায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন স্থানীয়রা।