বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জ সদর ইউনিয়ন বিভক্ত করে নতুন ‘অলিপুর ইউনিয়ন’ গঠনের প্রস্তাব এমপি মমিনুল হকের

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বৃহত্তম ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নকে বিভক্ত করে নতুন ১৩নং অলিপুর ইউনিয়ন পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক।

এ লক্ষ্যে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে একটি ডিও (D.O.) পত্র পাঠিয়েছেন।

পত্রে তিনি উল্লেখ করেন, ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নটি আয়তন ও জনসংখ্যার দিক থেকে চাঁদপুর জেলার বৃহত্তম ইউনিয়ন। ৮.২৩ বর্গকিলোমিটার আয়তনের এই ইউনিয়নে বর্তমানে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। ইউনিয়নটিতে মোট ১৫টি গ্রাম এবং ভোটার সংখ্যা ৩৪ হাজার ৫২৫ জন।

এমপি মমিনুল হক জানান, ইউনিয়নের মাঝখান দিয়ে রেললাইন ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক এবং মাঝখানে হাজীগঞ্জ পৌরসভার কিছু অংশ থাকায় উত্তর ও দক্ষিণ অঞ্চল ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ইউনিয়ন পরিষদের সেবা নিতে উত্তর অংশে যেতে প্রায় ১৫ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের সৃষ্টি করছে।

এ পরিস্থিতিতে জনসেবা সহজলভ্য করতে ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নকে বিভক্ত করে ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন ও ১৩নং অলিপুর ইউনিয়ন নামে দুটি পৃথক ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত ১৩নং অলিপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রামগুলো হলো— অলিপুর (উত্তর), অলিপুর (দক্ষিণ), বেতিয়াপাড়া, উচ্চঙ্গা, সাতবাড়িয়া ও সিদলা। এসব গ্রামে ২০২২ সালের জনশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা প্রায় ১৩ হাজার ৮৫ জন এবং ভোটার সংখ্যা ১৩ হাজার ১৮৬।

ডিও পত্রে আরও উল্লেখ করা হয়, নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাবটি গত ইউনিয়ন পরিষদের সাধারণ সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

সংসদ সদস্য মো. মমিনুল হক জনদুর্ভোগ লাঘব, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে দ্রুত নতুন ইউনিয়ন গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com