বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে স্ত্রীর তালাক মেনে নিতে না পেরে বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে স্বামীর আত্মহত্যা

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের উত্তর পাটোয়ারী বাড়িতে স্ত্রীর দেওয়া তালাকের বিষয়টি মেনে নিতে না পেরে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মো. শান্ত ওই গ্রামের মো. আবুল বাসারের ছেলে। তার দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে স্ত্রী তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। শনিবার এ বিষয়ে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। তবে সালিশ শুরুর আগেই শান্ত নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি।

স্থানীয়দের দাবি, আত্মহত্যার সময় শান্ত তার বুকে স্ত্রীর একটি ছবি ঝুলিয়ে রেখেছিলেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন। পরে খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, দাম্পত্য কলহ ও তালাকের বিষয়টি নিয়ে শান্ত মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com