বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইসেন্স ছাড়া গবাদিপশুর ভিটামিন উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার মহামায়া বাজার ও কুমারডুগী মাজার গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইসেন্স ব্যতীত গবাদিপশুর ভিটামিন প্রস্তুত করার অপরাধে এ পি এগ্রোভেট-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন।
জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া এ ধরনের উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকার অঙ্গীকার করা হয়।
এছাড়া নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয় এবং ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
অভিযানে প্রাণিসম্পদ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।