বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
মো .মজিবুর রহমান রনি:
চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহের প্রতীক। তাঁর সাহিত্য, সংগীত ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নজরুলচর্চার মাধ্যমে তরুণ সমাজ দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের চেতনায় উদ্বুদ্ধ হবে।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা থেকে কবিতা আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত দর্শকরা মুগ্ধ হন।
![]()
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী, অভিভাবকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২ থেকে ৪ জুলাই ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী এ নজরুল বর্ষ উদযাপন কর্মসূচিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে।