বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রাজাপুরা আরেফিয়া মাদ্রাসা নিয়ে বিরোধ, ২৫ জুলাই বিশেষ মিটিং আহ্বান

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজাপুরা আরেফিয়া মাদ্রাসা, মসজিদ ও এতিমখানাকে ঘিরে বিরোধ ও নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী ২৫ জুলাই শনিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ মিটিং আহ্বান করা হয়েছে।

মাদ্রাসা কমিটি ও কয়েকজন হিতাকাঙ্ক্ষী ব্যক্তির পক্ষ থেকে দেওয়া দাওয়াতনামায় বলা হয়েছে, স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের সহযোগিতায় দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে নূরানী, হিফজ, দাখিল ও আলিম শাখায় শিক্ষার্থীরা দ্বীনি শিক্ষা গ্রহণ করছেন।

দাওয়াতনামায় মাওলানা মুহিব্বুল্লাহ (মেঝ হুজুর)-এর ভূমিকার কথা উল্লেখ করে দাবি করা হয়, তার প্রচেষ্টায় মাদ্রাসার চারতলা ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। তবে তাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন ষড়যন্ত্র ও বিরোধ চলে আসছে বলে অভিযোগ করা হয়েছে।

সম্প্রতি মেঝ হুজুরকে রাজাপুরা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে এবং এ কারণে তিনি প্রতিষ্ঠান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও দাওয়াতনামায় দাবি করা হয়। তিনি চলে গেলে মাদ্রাসা, হিফজখানা ও এতিমখানার কার্যক্রম কীভাবে পরিচালিত হবে—এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আয়োজকরা।

এছাড়া গত ১০ জুলাই মসজিদে একটি ঘটনা এবং ১৪ জুলাই মাদ্রাসায় পরীক্ষার ফি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে মাদ্রাসার সুপার ও শিক্ষকদের আচরণ নিয়ে অভিযোগ করা হয়েছে। এসব বিষয়ে মিটিংয়ে বিস্তারিত আলোচনা ও উপস্থিত ব্যক্তিদের বক্তব্য শোনা হবে বলে জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে সবাইকে শান্তিপূর্ণভাবে মিটিংয়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। ধৈর্য ও আইনানুগভাবে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বানও জানানো হয়েছে।

মাদ্রাসা কমিটি ও প্রতিষ্ঠানের কয়েকজন হিতাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গের পক্ষ থেকে এ বিশেষ মিটিংয়ে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com