বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
মতলব প্রতিনিধি :
চাঁদপুরের মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের বরদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে পুকুরপাড়ের বাগানে ঢুকে পড়ে। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা ১৪ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ব-১১-৪০২৩ নম্বরের জৈনপুর পরিবহনের বাসটি সকাল ৭টার দিকে বাবুরহাট থেকে ১৪ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বরদিয়া সরকার বাড়ির কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি সড়ক থেকে ছিটকে পুকুরপাড়ের একটি বাগানে ঢুকে গাছের সঙ্গে ধাক্কা লেগে একপাশে হেলে পড়ে।

স্থানীয় সিএনজি চালক নয়ন জানান, দুর্ঘটনার পর বাসের ভেতর থেকে যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে কাঠের মই (চাঙা) ব্যবহার করে একে একে সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে কোনো যাত্রী গুরুতর আহত হননি।

খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাসটি ঘটনাস্থলেই পড়ে ছিল। দুর্ঘটনার কারণ ও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।