বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
আফতাবুল ইসলাম মেহেরাব :
বর্তমান বিদ্যুৎ বিল, মূল্যবৃদ্ধি ও জ্বালানি খাতের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিডিয়া উইং বিএনপি মিডিয়া সেলের ২০২৩ সালের একটি পুরোনো ফেসবুক পোস্টের স্ক্রিনশট প্রকাশ করে নতুন প্রচারণা চালিয়েছে।
সোমবার (৩ আগস্ট) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই প্রচারণামূলক পোস্টারে দেখা যায়, সবুজ পটভূমিতে বড় অক্ষরে লেখা রয়েছে “মহাজন! সহ্য কইছেন!”। এর নিচে বিএনপি মিডিয়া সেলের ২০২৩ সালের একটি পোস্টের স্ক্রিনশট যুক্ত করা হয়েছে, যেখানে বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে সমালোচনামূলক বক্তব্য ছিল।

জামায়াতের মিডিয়া উইংয়ের এই প্রচারণার মাধ্যমে বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি ও অতীতে বিএনপির অবস্থানের মধ্যে তুলনা টানার চেষ্টা করা হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন। পোস্টটি প্রকাশের পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সমর্থক ও বিরোধীরা নিজ নিজ অবস্থান থেকে নানা ধরনের মন্তব্য করছেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যম রাজনৈতিক প্রচারণার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। বর্তমান কোনো ইস্যুকে সামনে এনে অতীতের বক্তব্য, পোস্ট বা ভিডিও পুনরায় প্রচার করা এখন রাজনৈতিক যোগাযোগ কৌশলের একটি পরিচিত অংশে পরিণত হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষের অবস্থান নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জামায়াত মিডিয়া উইংয়ের প্রচারণায় ব্যবহৃত পোস্টটি নিয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনী পরিবেশ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে এ ধরনের পাল্টাপাল্টি প্রচারণা আরও বাড়তে পারে।