বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
আফতাবুল ইসলাম মেহেরাব :
কুমিল্লার দাউদকান্দি উপজেলার খামারপাড়া এলাকায় খিরাই নদের ওপর নির্মিত একটি বেইলি সেতু খুলে ফেলার কাজ চলাকালে সেটি ধসে ইটবোঝাই একটি বাল্কহেডের ওপর পড়ে। ঘটনায় বাল্কহেডে থাকা চালক, সুকানি, সহকারীসহ ১৭ জন শ্রমিক সাঁতরে তীরে উঠে নিরাপদে আসেন। তবে তাদের ব্যক্তিগত মালামালের বেশির ভাগই পানিতে হারিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত শ্রমিকদের একজন কাশেম মিয়া জানান, প্রাণে বাঁচতে পারলেও মোবাইল ফোন, নগদ টাকা, পোশাক, চাদরসহ প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে দেখা যায়, সেতুর একটি অংশ খিরাই নদের পানিতে উল্টে পড়ে রয়েছে। পাশাপাশি একটি নৌকাও পানিতে ডুবে গেছে।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। একাধিকবার সংস্কারের দাবি জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি। সেতুটি ধসে পড়ার পর খামারপাড়া, গৌরীপুর ও মতলব উত্তরগামী মানুষকে এখন বিকল্প পথে প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে। এতে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
স্থানীয় ব্যবসায়ী মজনু মিয়া দাবি করেন, দীর্ঘদিনের বৃষ্টি ও ব্যবহারের কারণে সেতুর বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছিল। তার অভিযোগ, মেরামতের সময় দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী উপস্থিত না থাকায় শ্রমিকদের অসাবধানতায় সংযোগ অংশ খুলে গেলে পুরো সেতুটি ভেঙে পড়ে। তবে এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।
সেতুটি ধসে যাওয়ায় ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে দাউদকান্দির পাশাপাশি চাঁদপুরের মতলব উত্তর, মতলব দক্ষিণ, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকার মানুষের চলাচলে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, সেতুটি অপসারণের দায়িত্ব একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল। কাজের সময় অসাবধানতার কারণে সেতুটি ধসে পড়ে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত স্থানে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।