বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুরে আদালতেই অসুস্থ হয়ে না ফেরার দেশে অ্যাডভোকেট রুহুল আমিন

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. রুহুল আমিন (৯৩) আর নেই। আদালতে একটি মামলার শুনানি চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে চাঁদপুর আদালতে একটি মামলার শুনানিতে অংশ নেওয়ার সময় প্রবীণ এই আইনজীবী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আদালতে উপস্থিত সহকর্মীরা দ্রুত তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘ প্রায় ৫৪ বছর ধরে তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে সুনাম ও নিষ্ঠার সঙ্গে আইন পেশায় দায়িত্ব পালন করেন। অভিজ্ঞতা, সততা ও পেশাদারিত্বের জন্য আইনজীবী মহলে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের সন্তান অ্যাডভোকেট রুহুল আমিন কর্মজীবনের অধিকাংশ সময় চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় বসবাস করেছেন।

আইন পেশার পাশাপাশি তিনি রাজনৈতিক অঙ্গনেও ছিলেন পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরবর্তীতে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের একমাত্র ছেলে সুমন বর্তমানে জাপানে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে। ততক্ষণ পর্যন্ত মরদেহ চাঁদপুর বেগম মসজিদের মর্চুয়ারিতে সংরক্ষণ করা হবে।

অ্যাডভোকেট মো. রুহুল আমিনের মৃত্যুতে আইনজীবী সমাজ, রাজনৈতিক অঙ্গন এবং সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com