বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
আফতাবুল ইসলাম মেহরাব :
চাঁদপুরের হাইমচর উপজেলার তিন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে চাঁদপুর সদর উপজেলার তিন ইউনিয়নে বদলি করা হয়েছে। একই সঙ্গে জেলার আট উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের মোট ৩১ জন ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে।
গত ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. এরশাদ উদ্দিন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, জনস্বার্থে ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এসব বদলি ও পদায়ন করা হয়েছে।

বদলি আদেশ অনুযায়ী, হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আজহারুল ইসলামকে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে। অপরদিকে আশিকাটি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক তালুকদারকে উত্তর আলগী ইউনিয়ন পরিষদে পদায়ন করা হয়েছে।
এছাড়া হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. বিল্লাল হোসেনকে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে। তার স্থলে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. দিদারুল আলমকে হাইমচরের আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে হাইমচরের চরভৈরবী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন রনিকে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে।
জেলার অন্যান্য ইউনিয়ন পরিষদেও এ আদেশের মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তাদের বদলি করা হয়েছে। ফলে দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের মধ্যে একযোগে বড় ধরনের প্রশাসনিক রদবদল হলো।
অফিস আদেশ অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের ৯ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১০ আগস্ট ২০২৬ তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন তারা।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা আদেশের অনুলিপি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চাঁদপুর জেলা প্রশাসক, জেলার সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
স্মারক নং: ৪৬.৪২.১৩০০.০০০.০৩০.০১.০০০৭.২৬-৫২৮।
এ বদলির ফলে হাইমচরের উত্তর আলগী, আলগী দুর্গাপুর দক্ষিণ ও চরভৈরবী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন আসছে। পাশাপাশি চাঁদপুর সদর উপজেলার আশিকাটি, শাহমাহমুদপুর ও মৈশাদী ইউনিয়ন পরিষদেও নতুন প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব গ্রহণ করবেন।