বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
মোঃ জসিম উদ্দিনঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আয়নাতলী গ্রামে শিশু সাহিদুল ইসলাম শাওন হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে আয়নাতলী-ফেরুয়া সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে নিহত শাওনের বাবা শামছুল হক অভিযোগ করে বলেন, ঘটনার সময় তিনি প্রবাসে ছিলেন। তার দাবি, তার স্ত্রী সালমা বেগমের কথিত পরকীয়ার বিষয়টি স্থানীয়দের জানিয়ে দেওয়ায় শিশু শাওনের ওপর তার মা ক্ষিপ্ত হন। একপর্যায়ে পরিকল্পিতভাবে শাওনকে হত্যা করে পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শাওনের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়; এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় এলাকাবাসী মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের দাবি জানান।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ নভেম্বর শিশু শাওনের মৃত্যুর ঘটনায় তার চাচা রবিউল ইসলাম বাদী হয়ে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে।