বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে তিন প্রার্থীকে সমর্থনের ঘোষণা বাতিল, কাউকেই সমর্থন দেয়নি বিএনপি

নুর মোহাম্মদ পাটোয়ারী :

আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিএনপি কোনো প্রার্থীকে দলীয়ভাবে সমর্থন দেয়নি বা কাউকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেনি বলে জানিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার হোসেন ভুলু মুন্সী।

নেতৃবৃন্দ বলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি একটি ব্যবসায়ীদের সংগঠন। এখানে ব্যবসায়ীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। বিএনপির পক্ষ থেকে কাউকে বা কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া হয়নি। দলের নাম ভাঙিয়ে কেউ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।

তারা আরও বলেন, যারা ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবেন, ব্যবসায়ীরা যেন তাদের ভোট দিয়ে নির্বাচিত করেন—এটাই বিএনপির প্রত্যাশা। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, সেজন্য দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। দলীয় প্রভাবমুক্ত ও নিরপেক্ষ নির্বাচন চান বিএনপি নেতৃবৃন্দ। তাদের দাবি, দলের নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপিও এ ধরনের নিরপেক্ষ নির্বাচনের পক্ষে মত দিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান কানু, পৌর বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মজুমদার, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন তালুকদার কিরণ, অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু, বিল্লাল হোসেন পাটওয়ারী, মিজানুর রহমান সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, স্বেচ্ছাসেবক দলের সচিব সাইফুল ইসলাম মিঠু, ছাত্রদলের সভাপতি এসএম ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের সভাপতি দ্বীন ইসলাম টগরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে সামনে রেখে গত রোববার (১৬ আগস্ট) দলীয় কার্যালয়ে সংবাদকর্মীদের সঙ্গে এক সভায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী সভাপতি প্রার্থী মোহাম্মদ এমরান হোসেন, সহ-সভাপতি প্রার্থী আলহাজ মো. মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রার্থী মো. শাহাব উদ্দিন সাবুকে বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে উল্লেখ করেছিলেন।

তবে বুধবারের সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করা হয়, বিএনপি কোনো প্রার্থীকে দলীয় সমর্থন দেয়নি বা দলীয় প্রার্থী ঘোষণা করেনি। ফলে ওই তিন প্রার্থীকে দলীয় সমর্থনের বিষয়ে আগে দেওয়া বক্তব্যের কার্যকারিতা থাকল না।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com