বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযানে সাজা, গ্রেপ্তার ১

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী যৌথ অভিযানে মো. সোহেল হোসেন বেপারী (৩১) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জিআর পরোয়ানাভুক্ত মো. আরিফ হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

রোববার (২৩ আগস্ট) হাজীগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমা, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই এ.কে.এম ইউনুছসহ পুলিশের একটি দল অভিযান চালায়।

এ সময় চাঁদপুর পৌরসভার স্ট্যান্ড রোড এলাকার বাসিন্দা সোহেল হোসেন বেপারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই দিন এএসআই রাজীব কুমার ধর সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে হাজীগঞ্জের রান্ধুনীমুড়া এলাকার মৃত নুরু মিয়ার ছেলে মো. আরিফ হোসেনকে গ্রেপ্তার করেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় জিআর পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, আরিফ হোসেনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানার মামলা নম্বর-৬, তারিখ ৭ জুলাই ২০২৩ এবং জিআর-১৬৭/২৩ মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের মধ্যে সোহেল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা কার্যকর করার জন্য এবং আরিফ হোসেনকে মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com