বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন–২০২৬-এ দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও ব্যবসায়ীদের ভালোবাসা ও সমর্থনকে নিজের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন প্রার্থী মোঃ আরিফুল ইসলাম।
নির্বাচন শেষে এক বার্তায় তিনি হাজীগঞ্জ বাজারের সম্মানিত ব্যবসায়ী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে যারা তাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি—সবার প্রতি সমান শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন তিনি।
আরিফুল ইসলাম বলেন, নির্বাচনের ফলাফল আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত। তবে পুরো নির্বাচনী সময়ে ব্যবসায়ীরা যেভাবে তাকে ভালোবাসা, সমর্থন, সাহস ও দোয়া দিয়েছেন, তা তিনি আমৃত্যু কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবেন।
তিনি আরও বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে যে সম্পর্ক, ভালোবাসা ও বন্ধন তৈরি হয়েছে, তা কোনো নির্বাচনের ফলাফলে শেষ হওয়ার নয়। জয়ী প্রার্থীর সঙ্গে তার ভোটের ব্যবধান ৩৪ ভোট বলেও উল্লেখ করেন তিনি।
নির্বাচনী প্রচারণায় যারা তার পাশে ছিলেন এবং দেশ-বিদেশে অবস্থানরত বন্ধু, বড় ভাই, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকসহ বিভিন্ন স্থান থেকে যারা সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান আরিফুল ইসলাম।
তিনি বলেন, “আমি হারি কিংবা জিতি, অতীতের মতো ভবিষ্যতেও আপনাদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকব। আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হলো—আমি আপনাদের ভালোবাসায় হারিনি।”
এদিকে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে নবনির্বাচিত সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মোঃ আরিফুল ইসলাম। ব্যবসায়ীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা, বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের কল্যাণ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য নবনির্বাচিতদের প্রতি আহ্বান জানান তিনি।
সবশেষে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করেন তিনি।
মোঃ আরিফুল ইসলাম
দপ্তর সম্পাদক পদপ্রার্থী
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন–২০২৬