বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, কসমেটিকস প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

গাজী রিয়াজ হোসেন :

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একটি কসমেটিকস প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে চাঁদপুর শহরের মদিনা শপিং কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের অভিযোগে কসমেটিকস ওয়ার্ল্ডকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযোগগুলোর মধ্যে ছিল বিদেশি কসমেটিকস পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, লাগেজ পণ্য বিক্রি, পণ্য ক্রয়ের রশিদ না থাকা এবং সংশ্লিষ্ট বিষয়ে কোনো একাডেমিক যোগ্যতা ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে ত্বক ও বিভিন্ন পণ্য বিষয়ে পরামর্শ প্রদান করা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযানে নেতৃত্ব দেন এবং জরিমানার আদেশ প্রদান করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্বেচ্ছায় পরিশোধ করে।

এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানটির কর্ণধার ছাদিউর রহমান ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

অভিযানের অংশ হিসেবে মদিনা শপিং কমপ্লেক্সের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ভোক্তা অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও এ ধরনের অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com