বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বানারীপাড়ার বাইশারী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ’র বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১১ জন জনপ্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলামের কাছে লিখিত ভাবে অনাস্থা প্রস্তাব দিয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়নের ৮ জন ইউপি সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য এ অনাস্থা প্রস্তাব দেয় বলে খবর পাওয়া যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম জানান বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ’র বিরুদ্ধে ১১ জন ইউপি সদস্য স্বাক্ষরিত লিখিত একটি অনাস্থা প্রস্তাব তার কাছে দেয়া হয়েছে। তিনি আরও জানান বিষয়টি পরবর্তীতে তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ বলেন, আমি জনগনের ভোটে তিন বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার ভাবমূর্তী ক্ষুন্ন করার জন্য মিথ্যা অভিযোগ এনেছেন। তিনি আরও জানান, আমি কোন দূর্নীতি করিনি এবং আমি কোন উন্নয়ন কজের সিপিসি ছিলাম না।
ইউপি সদস্যরাই প্রতিটি উন্নয়ন কাজের সিপিসি ছিলেন। এক্ষেত্রে দূর্নীতি হয়ে থাকলে তারাই সে সম্পর্কে ভালো জানেন। অনৈতিক কাজের সমর্থন না পাওয়া এবং তার সাথে নৌকা প্রতীক চেয়ে যারা ব্যর্থ হয়েছেন মূলত তারাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ জানান। বিএনপি সমর্থীত বাইশারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ফরিদ হোসেন আকন জানান, ২৫ মে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ’র বিরুদ্ধে ইউপি সদস্যরা বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উত্থাপন করেন। এ সময় উপস্থিত ইউপি সদস্যরা চেয়ারম্যান মাইনুল হাসানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেন বলে প্যানেল চেয়ারম্যান ফরিদ হোসেন জানায়।