বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : চলতি মৌসুমে প্রথমবারের মতো ইন্টার মিলানের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন লিওনেল মেসি। তবে ম্যাচ চলাকালে বেশ কয়েকবার তাকে ক্লান্ত হয়ে পড়তে দেখা গেছে। কিন্তু ক্লান্তি সত্ত্বেও পায়ের জাদুতে সবাইকে বিমোহিত করেন তিনি।
ম্যাচ শেষে মেসির পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমকে বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে বলেন, ‘(চলতি মৌসুমে) এই প্রথম সে (মেসি) পুরো সময় খেলেছে। এমনকি ক্লান্ত থাকা অবস্থায়ও সে দলের জয়ে ভূমিকা রাখতে পারে। মেসি অন্যদের মতো প্রাক-মৌসুম প্রস্তুতি নিতে পারেনি। তাই তাকে বাকিদের পর্যায়ে আসতে হবে। শেষ পর্যন্ত সে দুর্দান্ত খেলেছে, কিন্তু ম্যাচের শেষের দিকে সে ক্লান্ত হয়ে পড়েছিল।’
গত বুধবার দিবাগত রাতে অনুষ্ঠিত এ ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে মেসিকে পুরো ৯০ মিনিট খেলান বার্সা কোচ। এর আগে ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতে নামলেও ইনজুরিতে ছিটকে পড়েছিলেন তিনি। এজন্য গেতাফে ম্যাচে মাঠে নামা হয়নি তার। এ ম্যাচে তার দল ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল।