বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : তাঁর নিয়োগ মার্কেটিং অফিসার পদে। তবে তিনি রোগী দেখেন চিকিৎসকের কক্ষে বসে। সেই সাথে রোগীকে নানা টেস্ট করতে দেন। এমনই এক মার্কেটিং অফিসার কাম ‘চিকিৎসক’কে আটক করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন। মঙ্গলবার দিনগত রাতে মো. ফরহাদ হোসেন নামের ওই কথিত ‘চিকিৎসক’কে তাঁর কর্মস্থল চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজ সড়কস্থ হক টাওয়ারের গোল্ডেন হসপিটাল অ্যান্ড সিটি স্ক্যান সেন্টার থেকে আটক করা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ফরহাস ম্যাটস থেকে পাস করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন জানান, ফরহাদ হোসেন গোল্ডেন হসপিটাল অ্যান্ড সিটি স্ক্যান সেন্টার মার্কেটিং অফিসার হিসেবে কাজ করছে। আমাদের কাছে তথ্য ছিল, সে নিজে ওই হাসপাতালের চিকিৎসকের রুমে বসে রোগী দেখে। মঙ্গলবার রাতে ওই হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। তিনি আরো জানান, ফরহাদ হোসেন রোগী দেখার পাশাপাশি রোগীদের বিভিন্ন ধরনের টেস্ট দিয়ে ভিন্নপথে টাকা আয়ের পথ বেছে নেয়। সে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম বলেন. আমাকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন ফরহাদ হোসেন ম্যাটস থেকে পাস করেছে। ম্যাটস থেকে পাস করার কাগজপত্র দেখেছেন কি-না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, আমি ঢাকা থাকায় তা সম্ভব হচ্ছে না।