বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : সেল্তা ভিগোকে উড়িয়ে লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। বার্সা অধিনায়ক লিওনেল মেসির হ্যাটট্রিকে প্রতিপক্ষের বিপক্ষে ৪-১ গোলে জিতল কাতালানরা।
গতকাল শনিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে লা লিগার ম্যাচে বার্সেলোনার শুরুটা ছিল অগোছালো। তবে ২৩তম মিনিটে লিওনেল মেসির সফল স্পট কিকে এগিয়ে যায় তারা। জুনিয়র ফিরপোর ক্রস সেল্তার ডি-বক্সে তাদের ডিফেন্ডার জোসেফ আইডুর হাতে লাগলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা।
অবশ্য বিরতিতে যাওয়ার আগেই দলকে সমতায় ফেরান সেল্তা ভিগোর লুকাস। ৪০তম মিনিটে নিজেদের ডি-বক্সের বাইরে প্রতিপক্ষের মিডফিল্ডার পাপ ইয়াপকে ফাউল করে হলুদ কার্ড দেখেন মেসি। এ থেকে ফ্রি-কিক পেয়ে যায় সেল্তা ভিগো। আর এই সুযোগকে কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান উরুগুয়ের এই ডিফেন্ডার।
সমতায় ফেরার স্বস্তি বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারেননি সেল্তার খেলোয়াড়রা। কারণ প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ২৫ গজ দূর থেকে আরেকটি চোখধাঁধানো ফ্রি-কিকে আবারও দলকে এগিয়ে নেন মেসি।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই আবারও চমৎকার ফ্রি-কিক থেকে গোল করেন মেসি। আগেরটির মতো ঠিক একইভাবে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে ডান পাশের ওপরের কোনা দিয়ে প্রতিপক্ষের জালে বল পাঠান এই আর্জেন্টাইন তারকা।
এ বছরের ফিফা বর্ষসেরা ফুটবলার এই নিয়ে চলতি লিগে আট গোল করলেন। মৌসুমে তার মোট গোল হলো ৯টি।
এ ছাড়াও ম্যাচের শেষ দিকে ৮৫তম মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে জয় নিশ্জিত করেন বুসকেতস। বাঁ দিক থেকে দেম্বেলের বাড়ানো ক্রস ডিফেন্ডার দাভিদ ইয়ুনকা হেডে ফেরানোর চেষ্টা করলে ডি-বক্সের মুখে পেয়ে যান বুসকতেস। প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।
এই জয়ের পর ১২ ম্যাচে বার্সেলোনা ও রিয়ালের পয়েন্ট সমান। দুই দলেরই পয়েণ্ট ২৫। তবে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে নেমে গেছে জিনেদিন জিদানের দল।