শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকা থেকে সমকামী অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১১ এর একটি বিশেষ আভিযনিক দল। অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনের নেতৃত্বে গতরাতে পরিচালিত অভিযানে আটককৃতরা হলো মো. জসিম উদ্দিন (২৮), মো. ইব্রাহিম (২৫) ও মো. মহিউদ্দিন (১৮)। তা্দের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড পিস্তলের গুলিসহ দুটি চাপাতি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা সমকামী গ্রুপের সক্রিয় সদস্য। তারা ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি খুলে ও ফেসবুকে সমকামী গ্রুপ খুলে বিভিন্ন রকম পোস্ট দিয়ে থাকে। ওই পোস্টগুলোতে আকৃষ্ট হয়ে বিভিন্ন বয়সী নারী-পুরুষ বিভিন্ন সময়ে সাড়া দেয়। অতঃপর সুকৌশলে তাদের নারায়ণগঞ্জে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নেওয়া হয়। সেই সঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে বিকাশের মাধ্যমে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করে থাকে। ভুক্তভোগীরা বেশির ভাগ সময়ে লজ্জায় আইনের আশ্রয় নেওয়া থেকে বিরত থাকে। এ কারণে এরা প্রায়ই পর্দার আড়ালে থেকে যায়।
মো. আলেপ উদ্দিন জানান, এই গ্রুপের মূলহোতা সিদ্ধিরগঞ্জ এলাকার সুফিয়ান নামের এক সন্ত্রাসী। সুফিয়ানকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা অব্যাহত। দীর্ঘদিন যাবৎ আমরা ওই গ্রুপের উপর অনুসন্ধান ও গোয়েন্দা কার্যক্রম চালিয়ে আসছিলাম। জড়িতদের ব্যাপারে তথ্য পেয়ে র্যাব ১১ এর একটি বিশেষ গোয়েন্দা দল সমকামী গ্রুপের সদস্যদের ওপর নজরদারি চালিয়ে গ্রুপের তিন সক্রিয় সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।