বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : মাঠের পারফর্মেন্স খুব একটা খারাপ না হলেও ‘গৃহযুদ্ধ’ শুরু হয়েছে আফগান ক্রিকেটে। আফগানিস্তানের অধিনায়কত্ব নিয়ে যেন চলছে মিউজিক্যাল চেয়ার খেলা! তিন ফরম্যাটে দায়িত্ব পাওয়ার কয়েক মাসের মধ্যেই লেগ স্পিন সুপারস্টার রশিদ খানকে দেশটির জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন করে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে সেই আসগর আফগানের কাঁধে, যিনি এর আগেও দলটির নেতৃত্বে ছিলেন। বিষয়টি নিয়ে ক্রিকেটবিশ্বে বেশ আলোচনা চলছে।
গত এপ্রিলে ওয়ানডে বিশ্বকাপের আগে হুট করে আসগরের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। তখন দলটির অধিনায়ক হিসেবে তিন ফরম্যাটে ভিন্ন তিন ক্রিকেটার নিয়োগ পেয়েছিলেন। গুলবাদিন নাইবকে ওয়ানডে, রশিদ খানকে টি-টোয়েন্টি ও রহমত শাহ্কে টেস্ট দলের নেতৃত্ব দেওয়া হয়। এ নিয়ে প্রকাশ্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন আফগান ক্রিকেটাররা। বিশ্বকাপের পর নাইবকে সরিয়ে দেওয়া হয় ওয়ানডে দলের নেতৃত্ব থেকে। এমনকি কোনো টেস্ট খেলার আগেই রহমতের নেতৃত্ব কেড়ে নেওয়া হয়।
এ সময় আফগানিস্তানের তিন ফরম্যাটেই অধিনায়ক হয়ে যান রশিদ খান। তার নেতৃত্বেই বাংলাদেশের মাটিতে এসে টেস্ট জয়ের স্বাদ পায় আফগানিস্তান। কিন্তু নেতৃত্ব ধরে রাখতে পারেননি রশিদ। নতুন করে আসগরকেই দেওয়া হয়েছে আফগানদের তিন ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব। অধিনায়ক হিসেবে রশিদ বেশ গ্রহণযোগ্য ছিলেন সবার কাছে। এবার তাকে সরিয়ে ফের আসগরকে অধিনায়ক করায় ক্রিকেট বিশ্বে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।