বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : হার দিয়ে বঙ্গবন্ধু বিপিএলে যাত্রা শুরু করেছিল সিলেট থান্ডার। আজও তাদের ভাগ্যে সম্ভবত নেতিবাচক কিছুই ঘটতে যাচ্ছে। রাজশাহী রয়্যালসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে তারা আজ একশও করতে পারেনি। ১৫.৩ ওভারে মাত্র ৯১ রানে অল-আউট হয়ে গেছে সিলেট থান্ডার। বল হাতে ৩ উইকেট নিয়েছেন অলক কাপালি। ২টি করে উইকেট নেন রবি বোপারা এবং ফরহাদ রেজা।
টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রাজশাহী রয়্যালস। সিদ্ধান্তটা যে সঠিক ছিল তা দ্রুতই প্রমাণ করে দেন বোলাররা। যদিও ৩৫ রানের উদ্বোধনী জুটি সিলেটের ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল। কিন্তু ওই পর্যন্তই। আন্দ্রে রাসেলের বলে রনি তালুকদার (১৯) আউট হওয়ার পর যেন প্যাভিলিয়নে ফেরার মিছিলে নামেন সবাই। অলক কাপালি বোল্ড করে দেন অপর ওপেনার জনসন চার্লস (১৬) এবং জীবন মেন্ডিসকে (০)।
এভাবেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। এক পর্যায়ে তা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। ১০ রানের মধ্যে সিলেটের শেষ ৫ ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরেন! উইকেটকিপার মোহাম্মদ মিঠুন এবং অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত যুগ্মভাবে সর্বোচ্চ ২০ রান করে করেছেন। সিলেটের শেষ ৫ ব্যাটসম্যানের রান যথাক্রমে ১, ২, ০, ০, ১। ১৫.৩ ওভারে মাত্র ৯১ রানে শেষ হয় সিলেটের ইনিংস।