বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ার শাজাহানপুরে সাবেক ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে আলমগীর হোসেন (৩৩) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার সন্ধায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান নিহত আলমগীর হোসেন উপজেলার আমরুল ইউনিয়নের রাজারামপুর আকন্দপাড়ার লুৎফর রহমানের পুত্র এবং সাবেক ওই ছাত্রলীগ নেতার চাচাত ভাই। নিহত আলমগীর হোসেনের বড়ভাই শাহীনুর রহমান জানান, বেশ কিছুদনি আগে চাচাত ভাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জুলকার নাইমের সাথে তাদের পৈত্রিক জমি নিয়ে দ্বন্দ দেখা দেয়। দ্বন্দটি জোরালো ছিল না। কোন দেন-দরবারও হয়নি। এমতাবস্থায় ওই জমিতে বাড়ি নির্মাণ করছিলেন তারা। কয়েকদিন আগে ছোটভাই আলমগীর ঢাকা থেকে বাড়িতে আসেন। আলমগীর হোসেন ঢাকায় একটি বে-সরকারী কোম্পানীতে চাকরী করে। শনিবার বিকেলের দিকে চাচাত ভাই জুলকার নাইম মটরসাইকেলের বহর নিয়ে এসে অতর্কিত ভাবে হামলা চালিয়ে বাবা লুৎফর রহমানসহ ছোটভাই আলমগীর, লিমন ও তাকে লাঠিপেটা করে এবং আলমগীরের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে বীরদর্পে চলে যায়। গুরুতর আহত অবস্থায় আলমগীরসহ তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ জানান, হাসপাতালে ভর্তির পর সন্ধা সোয়া ৫টার দিকে আলমগীর হোসেন মারা যান। অপর আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন। এবিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা জুলকার নাইমের সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। থানার ওসি আজিম উদ্দীন জানান, বিষয়টি জেনেছেন। তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি।