বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার সকালে চার হাজার ১৮০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তার ব্যক্তির নাম ইয়াসিন মাতবর (৩৭)। তিনি রাজধানীর ডেমরা থানার তুষারধারা এলাকার মুসলিমনগরের খালেক মাতবরের ছেলে।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, গতকাল সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার সামনে থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। তিনি বহির্গামী রাস্তার সামনে ঘোরাফেরা করছিলেন। তাঁকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
এ সময় তিনি জানান যে তাঁর কাছে ইয়াবা রয়েছে। তবে সেগুলো রয়েছে পাকস্থলীতে। পরে বিশেষ কায়দায় তাঁর পেট থেকে ইয়াবাগুলো বের করা হয়। ইয়াসিন জানান, ৪০ হাজার টাকার বিনিময়ে তিনি ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে এসেছেন। ঢাকার কয়েকজন তাঁর কাছ থেকে সেগুলো গ্রহণ করত।