বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
জিটিবি নিউজঃ ঢাকার সাভারে সন্তানদের জন্য খাবার কিনতে এক নারীর মাথার চুল বিক্রির ঘটনাটি সত্য নয়, এমনটাই দাবি উপজেলা প্রশাসন ও ছাত্রলীগের এক কর্মীর। উপজেলা প্রশাসন সাংবাদিকদের ডেকে দাবি করেছে, খবরটি মিথ্যা। আর ছাত্রলীগের কর্মী থানায় সাংবাদিকসহ তিনজনের নামে মামলা করেছেন।
গত বৃহস্পতিবার রাতে সাভার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার বাদী রমিজউদ্দিন ভূঁইয়া। তিনি উপজেলা ছাত্রলীগের কর্মী। মামলায় সাভার বাজার রোড ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ওবায়দুর রহমান, স্থানীয় একটি সাপ্তাহিকের সম্পাদক ওমর ফারুক ও সাবেক ছাত্রদল নেতা রাজীব মাহমুদকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ওই নারী সাভার আসেন দুই মাস আগে। এর আগে তিনি থাকতেন রাজধানীর মিরপুরের একটি বস্তিতে। মাথায় খুশকি ও চুলকানির কারণে দেড় মাস আগে নিজের মাথার চুল কেটে ফেলেন। এখন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য উল্টাপাল্টা কথা বলছেন। আর আসামি রাজীব মাহমুদ ও ওমর ফারুক ঘটনাটিকে অতিরঞ্জিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালান। তাঁদের এই অপপ্রচারে সহায়তা করেছেন ব্যবসায়ী ওবায়দুর রহমান।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান বৃহস্পতিবার রাতে তাঁর সরকারি বাসভবনে স্থানীয় সাংবাদিকদের ডাকেন। এ সময় আলাপকালে তিনি সন্তানদের জন্য খাবার কিনতে নারীর মাথার চুল বিক্রির খবরটিকে মিথ্যা দাবি করেন।
পারভেজুর রহমান বলেন, ওই নারীর সঙ্গে তাঁরা কথা বলেছেন। তাঁরা জেনেছেন, ওই নারী দেড় মাস আগে সাভারে আসেন এবং দেড় মাস আগে চুল বিক্রি করেন। ঘটনা শুনে মঙ্গলবার তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজ তাঁর বাড়িতে যান। ওই নারীকে সরকারের পক্ষ থেকে ত্রাণ দিয়ে আসেন। তখন সহকারী কমিশনার যা বলেছিলেন, গণমাধ্যমে তা পুরো আসেনি। একটি মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং স্থানীয় প্রশাসনকে হেয় করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন ইউএনও।
সাভারে ক্ষুধার্ত সন্তানদের জন্য মাথার চুল বিক্রিঃ
বড়দিন চলে এসেছে। স্বামী জিমকে উপহার দেওয়ার মতো অর্থ হাতে নেই। নিজের সম্বল বলতে ডেলার আছে শুধু মাথার লম্বা চুলগুলো। প্রিয়তম মানুষটির জন্য উপহার কিনতে শেষ পর্যন্ত সেই চুলগুলো বিক্রি করেছিলেন তিনি।
পাঠ্যবইয়ের ইংরেজি গল্প ‘গিফট অব দ্য মেজাই’- এর চরিত্র ডেলার চেয়ে কম নয় ঢাকার সাভারের এক নারীর কাহিনিটা। অবশ্য, স্বামীর জন্য উপহার কিনতে নয়, তিনি নিজের শখের চুলগুলো বিকিয়ে দিয়েছেন পেটের দুই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই নারী সাভারের ব্যাংককলোনি এলাকায় ভাড়ায় থাকেন। তাঁর স্বামী মাটি কাটার কাজ করেন। তাঁদের এক বছরের এক মেয়ে ও দুই বছরের ছেলে সন্তান রয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর তাঁর স্বামী কর্মহীন হয়ে পড়েন। ঘরে জমানো টাকায় বেশ কয়েকদিন চলেছে তাঁদের। তবে গত তিন দিন ধরে ঘরে কোনো টাকা বা খাবার ছিল না। এ অবস্থায় এ-দিক ও-দিক ঘুরে কোনো ত্রাণ পাননি।
এদিকে খেতে না পেয়ে দুই সন্তানের কান্না থামছিল না। অবশেষে সোমবার মাথার চুল কেটে বিক্রির সিদ্ধান্ত নেন ওই নারী। তিনি এলাকার এক নারীর কাছে ১৮০ টাকায় সেই চুল বিক্রি করেন। সেই টাকা দিয়ে সন্তানদের জন্য খাবার কেনেন।
খবর পেয়ে সাভার উপজেলা পরিষদের চেযারম্যান মঞ্জুরুল আলম ও সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ মঙ্গলবার রাতে ওই নারীর বাসায় ছুটে যান। তাঁরা পরিবারটিকে ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়ে এসেছেন।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সরকারের তরফ থেকে পরিবারটিকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁরা ব্যক্তিগতভাবেও পরিবারটিকে আর্থিক সহায়তা করেছেন। অসহায় মানুষজনকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে।