বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
বুলবুল আহমেদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় “ডেভলোপমেন্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ (ডিএনবি)” নামের এক ভুয়া এনজিও কর্মীরা টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়ার ঘটনায় এলাকার সাধারণ মানুষদের মধ্যে চাপাক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, গত ১৫ ই আগষ্ট “ডেভলোপমেন্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ (ডিএনবি)এনজিও’র ম্যানেজার কর্মী পরিচয়ে উপজেলার পরানপুর ইউপির সোনাপুর গ্রামের জনৈক মৃত আকরাম আলীর ছেলে মোয়াজ্জেম হোসেনের বাসার দ্বিতল ভবনের উপর তালায় ৩টি রুম ভাড়া নিয়ে ওই এনজিও কর্মীরা অফিসিয়াল কার্যক্রম শুরু করেন।
কয়েকদিনের মধ্যে তারা এনজিও’র নামের প্রচার প্রচারণা চালিয়ে সদস্য ভর্তি শুরু করে। ভর্তি শুরুর এক সপ্তাহ পর গত রবিবার ২৩ ই আগষ্ট তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে যান তারা। এলাকাবাসীদের মধ্যে সন্দেহ হলে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করেন। তখন ইউপি চেয়ারম্যান গ্রাম্য পুলিশ পাঠিয়ে তাদের নাম পরিচয় জানার চেষ্টা করলে তাদের পরিচয় না জানিয়ে উধাও হয়ে যান। পরে ওই এনজিও কর্মীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।
সরজমিনে গেলে স্থানীয়রা জানান, মোটা অঙ্কের ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩৭০ টাকা ভর্তি ফি’র নামে সদস্য সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। আশেপাশের প্রায় ১০টি গ্রাম থেকে কৌশলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তারা লাপাত্তা হয়ে গেছে।এব্যাপারে পরানপুর ইউপি চেয়ারম্যান ইলিয়াস আলী খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবহত নয় তবে পরে বিষয়টি জানতে পেরে গ্রাম্য পুলিশ পাঠিয়ে তাদের পরিচয় জানার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।