বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ভিন্ন ঘটনার ছবি :সংগৃহীত আল জাজিরা ও ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, যে এলাকায় বিস্ফোরণ হয়েছে, সেখানে অনেক সামরিক স্থাপনা আছে। তেমনি সাধারণ মানুষের ঘরবাড়িও আছে প্রচুর। সেখানে বেসামরিক নাগরিকদের বাস। তাৎক্ষণিকভাবে হামলার লক্ষ্যবস্তু কারা তা নিশ্চিত হওয়া যায়নি।
আল জাজিরা বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে জানায়, তাদের সাংবাদিকরা উত্তর তেহরানে কয়েক মিনিটের ব্যবধানে কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এরপর তারা একটি পাহাড়ি এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেন। আরও হামলার আশঙ্কা করা হচ্ছে।
অপরদিকে বার্তাসংস্থা রয়টার্স জানায়, ওই সময় সেখানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছিল। তবে কিসের ওপর হামলা হয়েছে সেটি তারা নিশ্চিত নয়। সংস্থাটির প্রতিনিধিরা উত্তর তেহরানে সকাল ৭টা ২০ মিনিটের দিকে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর সেখান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার শিকার হয়েছে ইসরায়েলি সেনারা। এতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলাটি করেছে। তবে হামলার স্থান ও সময় স্পষ্ট করেনি ইসরায়েলি বাহিনী।
রবিবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী নিহতের পরিচয় প্রকাশ করে। তাতে বলা হয়, নিহত সেনা সার্জেন্ট মোসে ইয়েজাক হাকোহেন কাৎজ ২২ বছর বয়সী। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের নিউ হ্যাভেনের বাসিন্দা। ইসরায়েলের হয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি।
সোর্স : দেশ রূপান্তর অনলাইন