বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিক্ষকের মারধরের অভিযোগের পর হাজীগঞ্জে মাদ্রাসার তিন হেফজ শিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগে পরিবার

মেঘনাপোস্ট ডেস্ক :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আতুরিয়া কমপ্লেক্সের একটি মাদ্রাসায় শিক্ষকের মারধরের অভিযোগের পর হেফজ বিভাগের তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার একদিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান না মেলায় পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন— শ্রীপুর এলাকার মিজি বাড়ির সাজ্জাদ (১৬), তারাপাল্লা এলাকার সর্দার বাড়ির মিরাজ (১৫) এবং টোরাগড় দক্ষিণপাড়া এলাকার জামিল (১৫)। তারা তিনজনই ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

স্বজনদের অভিযোগ, খাবার দিতে গিয়ে মিরাজের মা মরিয়ম বেগম তার ছেলেকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে মিরাজ তাকে জানান, মাদ্রাসার শিক্ষক রেদোয়ান হুজুর তাকে কলার ধরে মারধর করেছেন।

অভিযোগ রয়েছে, এ ঘটনার কিছুক্ষণ পরই সাজ্জাদ, মিরাজ ও জামিল মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। মাদ্রাসা কর্তৃপক্ষ রাত প্রায় ১০টার দিকে অভিভাবকদের ফোন করে জানায়, তিন শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ শিক্ষার্থী জামিলের মা লাকি বেগম বলেন, “কয়েকদিন ধরেই আমার সন্তানকে মারধর করা হচ্ছিল। জামিল আমাকে বিষয়টি জানিয়েছিল, কিন্তু আমি গুরুত্ব দিইনি। হঠাৎ গতকাল রাতে মাদ্রাসা থেকে ফোন করে জানানো হয়, আমার সন্তানকে পাওয়া যাচ্ছে না।”

এ ঘটনায় শিক্ষার্থীদের স্বজনরা দ্রুত তিন শিক্ষার্থীর সন্ধান, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক রেদোয়ান হুজুর ও মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিখোঁজ তিন শিক্ষার্থীর দ্রুত সন্ধান এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com