বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
আফতাবুল ইসলাম মেহেরাব :
জাতীয় সংসদের সংবিধান সংশোধন–সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে দুপুর ১২টায় শুরু হওয়া এ বৈঠকে ১২ সদস্যের কমিটি অংশ নেবে। বিরোধী দল থেকে কোনো সদস্যের নাম না আসায় তাদের জন্য নির্ধারিত পাঁচটি পদ আপাতত শূন্য থাকছে।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, প্রথম বৈঠকে সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি এবং ভবিষ্যৎ বৈঠকগুলোর আলোচ্যসূচি নির্ধারণের বিষয়টি প্রাধান্য পেতে পারে। সংশ্লিষ্টদের ধারণা, পরবর্তী বৈঠক থেকে সংবিধানের বিভিন্ন ধারা ও সংশোধন–সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু হবে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাষ্ট্রীয় সংস্কারের দাবিকে সামনে রেখে সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়। এ প্রক্রিয়ায় ক্ষমতার ভারসাম্য, নির্বাহী বিভাগের ক্ষমতা, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে আলোচনার প্রেক্ষাপটে সংসদে এই কমিটি গঠন করা হয়।
গত ১৩ জুলাই ১৭ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হলেও বিরোধী দলের জন্য পাঁচটি আসন সংরক্ষিত রাখা হয়। সংসদ সচিবালয় জানায়, বিরোধী দল সদস্যদের নাম পাঠালে পরে তাদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো নাম জমা না পড়ায় ১২ সদস্য নিয়েই কার্যক্রম শুরু হচ্ছে।
সংসদে কমিটি গঠনের সময় চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম জানান, কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুসারে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ লক্ষ্যে বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সদস্য মনোনয়ন দেয়নি।
বর্তমান ১২ সদস্যের কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং মোহাম্মদ অলিউল্লাহ।