বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : নওগাঁর রাণীনগরে রাতের আঁধারে সনাতন ধর্মাবলম্বীদের প্রায় দেড় শ বছরের প্রাচীন কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাতের কোনো এক সময়ে কে বা কারা উপজেলার দেউলা গ্রামে মটমন্দিরে প্রবেশ করে কালী প্রতিমার চামুন্ডা, জিহব্বা, চুড়া ভেঙে ফেলে।
খবর পেয়ে রাণীনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কয়েক দিনের ব্যবধানে রাণীনগরে পাশাপাশি দুটি এলাকায় মূর্তি ভাঙচুরের ঘটনায় ওই এলাকার সনাতন ধর্মের লোকজনের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে।
দেউলা গ্রামের মট মন্দিরের সাধারণ সম্পাদক কালীপদ পাল জানান, প্রায় দেড় শ বছর আগের তৈরি মঠের ভেতরে তিনটি কালী প্রতিমার চামুন্ডা ছিল। বাংলা সালের প্রত্যেক আষাঢ় মাসে চামুন্ডা পূজা করা হতো। পূজার সময় মট থেকে কালী প্রতিমার চামুন্ডা বের করে পূজা ও ভরণ খেলা শেষে আবার মঠের ভেতরে রাখা হতো। দীর্ঘ দিন ধরে এই প্রক্রিয়া চললেও হঠাৎ করে রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা কালী প্রতিমার চামুন্ডা জিহ্বা ও চুড়া ভেঙে তিন খণ্ড করে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. জহুরুল হক বলেন, মূর্তি ভাঙার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে জড়িতদের আইনগত ব্যবস্থা নেব।