বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত ও আগুণ লাগার ঘটনায় ৪টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পরই রেল মন্ত্রনালয়, রাজশাহী বিভাগীয় অফিস, পাকশী প্রধান কার্যালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সকল কমিটি গঠন করা হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মাদ জানান, ট্রেন দূর্ঘটনার কারন জানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফিরোজ মাহমুদকে প্রধান কমিটি গঠনের কথা জানালেও অন্য সদস্যদের নাম ও সময়সীমা বলেননি তিনি। তবে তিনি বলেছেন ঘটনা পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্বান্ত নেয়া হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার (পাকশী) মিজানুর রহমান জানান, পাকশী প্রধান কার্যালয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল আল মামুনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনিও তাৎক্ষনিক অন্য সদস্যদের নাম ও সময়সীমা জানাতে পারেননি।
এদিকে, পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলামকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এছাড়াও রেল মন্ত্রনালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের কথা স্থানীয়ভাবে জানা গেলেও বিস্তারিত জানা যায়নি।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে পাওয়ার কার ও ইঞ্জিনে আগুন ধরে গিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ট্রেনটি উদ্ধার করে রেল যোগাযোগ সচল করতে মধ্যরাত পেরিয়ে যেতে পারে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন।