বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : মাদারীপুর শহরের পুরানবাজার এলাকায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পুলিশ বাধা দিলে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
ছাত্রদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে পুরানবাজার এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতা-কর্মী জড়ো হয়। এ সময় ছাত্রদলের সভাপতি শাহীন মৃধার নেতৃত্বে একটি মিছিল বের হয়। এতে পুলিশ বাধা দিয়ে ছত্রভঙ্গের চেষ্টা করে। পরে বিএনপির নেতাকর্মীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহবায়ক অ্যাড. জামিনুর হোসেন মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ। এ সময় নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
জেলা ছাত্রদলের সভাপতি শাহিন মৃধা বলেন, আমরা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করেছিলাম। এতে পুলিশ বাধা দিয়েছে। ফলে স্বাধীনভাবে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর সব আয়োজন বাস্তবায়ন করতে পারেনি।