বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ায় পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের মামলায় ৪৯ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।সোমবার হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারপতি মো. আব্দুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন।
জামিন প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- বগুড়া জেলা যুবদলের সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুল ইসলাম মাজেদ, ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সম্পাদক নূরে আলম রিগ্যান প্রমুখ। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১ জানুয়ারি বুধবার নেতাকর্মীরা বগুড়া শহীদ খোকন পার্কে সমবেত হয়। এর মধ্যে কিছু নেতাকর্মী জুতা স্যান্ডেল পায়ে শহীদ খোকন পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে উঠে। এ ঘটনায় পুলিশ তাদের শহীদ মিনার থেকে নেমে যেতে বললে পুলিশ এবং ছাত্রদল নেতাকর্মীদের মাঝে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে ছাত্রদল এবং পুলিশের মাঝে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীসহ আরো চারজন পুলিশ আহত হন।
এ ঘটনায় বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিলালুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫শ’ জনের নামে মামলা করে। এ ঘটনায় পুলিশ ২৪ জনকে গ্রেফতার করেছে। মামলায় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশে ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।