বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

১৪ ঘণ্টার ব্যবধানে করোনা ইউনিটে দুজনের মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আজ শুক্রবার সন্ধ্যায় আরও এক রোগীর মৃত্যু হয়েছে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত বুধবার দুপুরে ৭২ বছর বয়সী এই বৃদ্ধ এই হাসপাতালে ভর্তি হন। তাঁর বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই হাসপাতালের করোনা ইউনিটে অপর এক নারীর (৪২) মৃত্যু হয়। ওই নারীর বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। তিনি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন আজ সন্ধ্যায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই ব্যক্তির দাফন ও অন্যান্য বিষয়ে বেতাগী উপজেলা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মো. বাকির হোসেন বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা গ্রামের ওই বৃদ্ধ শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর তার এক্স-রে করা হলে করোনার উপসর্গ সন্দেহ হওয়ায় তাঁকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। আজ সকালে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। এরপর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তিনি মারা যান। তাঁর লাশ হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী তাঁর দাফন হবে।

এর আগে গত বুধবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার এক নারীকে তাঁর স্বজনেরা হাসপাতালের মেডিসিন ওয়ার্ড-২-এ ভর্তি করেন। এরপর তাঁর জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাঁকে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। রাতে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। ওই নারীর মরদেহ হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে আজ সকালে তাঁর বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী তাঁর দাফন হয়। এ ব্যাপারে গলাচিপা উপজেলা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com