বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবচরে সন্তানসহ নারী চিকিৎসক করোনায় আক্রান্ত

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক ও তাঁর সন্তান করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর আগে তাঁর ঢাকাফেরত চিকিৎসক স্বামীও করোনায় আক্রান্ত হন।

আজ শনিবার বিকেলে মাদারীপুরের সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে জেলায় ২৫ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল। তাঁদের মধ্যে শিবচর উপজেলায় রয়েছেন ১৭ জন।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, কারোনাভাইরাস পরীক্ষার জন্য এ পর্যন্ত ২৩৬ জনের নমুনা ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। এর মধ্যে ২০৩টি রিপোর্টের প্রতিবেদন আসে। গত ২৪ ঘণ্টায় নয়টি নমুনা পরীক্ষার প্রতিবেদন সিভিল সার্জনের কার্যালয়ে আসে। এর মধ্যে দুটি পজিটিভ ও সাতটি নেগেটিভ।

আক্রান্ত ওই নারী চিকিৎসক ও তাঁর সন্তান বাড়িতে আইসোলেশনে রয়েছেন। ১১ এপ্রিল ওই চিকিৎসকের স্বামী ঢাকা থেকে শিবচর এসে করোনায় আক্রান্ত হন। ১২ এপ্রিল তাঁকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ওই নারী চিকিৎসকের স্বামীর শরীরে যখন করোনা শনাক্ত হয় তখনই আমরা ভেবে নিয়েছিলাম, ওই নারী চিকিৎসক ও তাঁর মেয়ের শরীরেও করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কা রয়েছে। তাই আমরা আগে থেকেই তাঁদের অবস্থান করা “ডক্টরস কোয়ার্টার” লকডাউন করে দিই। ওই কোয়ার্টারে আরও দুই চিকিৎসক দম্পতিসহ তিন চিকিৎসক তাঁদের পরিবারসহ বসবাস করেন। তাঁরা সবাই বর্তমানে হোম কোয়ারেন্টিনে।’

জানতে চাইলে জেলার সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসক স্বামীর সংস্পর্শে থাকায় ওই নারী চিকিৎসক ও তাঁর সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় ১৫ এপ্রিল নমুনা নেওয়া হয়। রিপোর্ট পজিটিভ থাকায় আমরা তাঁদের হোম আইসোলেশনে থাকার নির্দেশনা দিয়েছি।’

করোনাভাইরাস মোকাবিলায় গত ১৯ মার্চ দেশের প্রথম কন্টেইনমেন্ট (নিয়ন্ত্রিত এলাকা) ঘোষণা করা হয় মাদারীপুরের শিবচর উপজেলাকে। এ উপজেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৫ জনে উন্নীত হলে ৫ এপ্রিল লকডাউন ঘোষণা করা হয়। বর্তমানে এ উপজেলায় একই পরিবারের ৮ জনসহ মোট ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সম্প্রতি ইতালিফেরত এক যুবকের বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com