বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
ঢাকা-বগুড়া মহাসড়কে বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন নওঁগা জেলার পত্নীতলা উপজেলার শীতলবাজার এলাকার সোলায়মান হোসেনের ছেলে মোশারফ হোসেন (৪৫) ও আবু হানিফ (৩৪)।
এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে তিনজন শ্রমিক। তারা হলেন, একই উপজেলার আকমল হোসেন (৪০), আশিকুর রহমান (৩৬) ও এরশাদ আলী (৩৪)।
আহতদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার হামছায়াপুর শেরুয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রতন হোসেন জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ছেড়ে আসা নওগাঁগামী যাত্রীবাহী বাসের সাথে একটি খালি ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসে ৪৮ জন শ্রমিক ছিলেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় তারা রাজমিস্ত্রীর কাজ করেন। কিন্তু নওগাঁ জেলা এলাকায় ধান কাটার জন্য সোমবার রতে তারা রাঙ্গুনিয়ার হাসানি বাজার থেকে বাসে রওনা দেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, সংবাদ পেয়ে দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।